রজত জয়ন্তীতে আইডিবিতে চলছে ‘সিটি আইটি মেগা ফেয়ার’
প্রতিষ্ঠার রজত জয়ন্তীতে রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে চলছে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪’ কম্পিউটার মেলা। নির্দিষ্ট পণ্য কিনলেই উপহার এবং মূল্যছাড়সহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। আগামী ৫ দিন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে।
মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আদিব জানালেন, নতুন ল্যাপটপ কেনার জন্য মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন মডেলের ল্যাপটপের উল্লেখযোগ্য সুবিধা পরখ করার পাশাপাশি কোন প্রতিষ্ঠান বেশি মূল্যছাড় দিচ্ছে, এ বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। দিনভর আদিবের মতো আরও বেশ কিছু তরুণ-তরুণীকেও দেখা যায় মেলায় ঘোরাঘুরি করতে। কয়েকজন দর্শনার্থী জানান, মূল্যছাড় ও উপহার পাওয়ার সুযোগ পেতে মেলা থেকে পণ্য কিনতে এসেছেন তারা।
সোমবার মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান। বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এল মাজহার ইমাম চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন রায়ান্স আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার, ইউনাইটেড কম্পিউটার সেন্টারের ব্যবস্থাপনা অংশীদার সারোয়ার মাহমুদ খান এবং বিআইজেএফ সহ সভাপতি ভূঁইয়া এনাম লেনিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. সবুর খান বলেন, বর্তমানে প্রযুক্তি ব্যবসার ধরন বদলে যাচ্ছে, ক্রেতারা এখন উন্নত ও আধুনিক সব প্রযুক্তি পণ্যের দিকে ঝুঁকছেন। সিটি আইটি মেগা ফেয়ারের মাধ্যমে তরুণ প্রযুক্তিপ্রেমীদের নতুন নতুন সব পণ্যের সঙ্গে পরিচিতি ঘটবে।
অনুষ্ঠানে বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এল মাজহার ইমাম চৌধুরী বলেন, ‘দেশের কম্পিউটার বাজার বিকাশে বিসিএস কম্পিউটার সিটি দুই যুগের বেশি সময় ধরে কাজ করছে। বর্তমানে প্রযুক্তি বাজারের পরিধি বাড়ছে, বিষয়টি মাথায় রেখে বিসিএস কম্পিউটার সিটির ব্যবসায়ীরা ক্রেতাদের সামনে আধুনিক সব পণ্য হাজির করছে। মূল্যছাড় ও নিশ্চিত উপহারের পাশাপাশি পণ্যের গুণগত মান ও গ্রাহকসেবার বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’
২৫ বছর পূর্তিতে আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বলেন, ১৯৯৯ সালে ১১ সেপ্টেম্বর বিশাল মেলার মাধ্যমে আইডিবি ভবনের যাত্রা শুরু হয়। এবারও ১১ সেপ্টেম্বর থেকে মেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মেলা পিছিয়ে আনা হয়েছে।
“সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪” বেসরকারি খাতের সবচেয়ে বড় মেলা উল্লেখ করে তিনি বলেন, এই মেলা গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম হবে।
মেলায় অংশ নেওয়ায় আসুস, এমএসআই, দাহুয়া, গিগাবাইট, এইচপি, হিকভিশন, লেনোভো এবং স্মাট টেকনোলজিস (বিডি) লিমিটেটের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।







